এটাও আমরা সহজ কথায় শুরু করি। ধরো তুমি কম্পিউটারে একটা গেম খেলছো। সেখানে তোমার নায়কের হাতে একটা বন্দুক আছে আর তুমি যদি মাউসের বাম বাটনটা ক্লিক করো তাহলে তোমার নায়কের বন্দুক থেকে একটা গুলি বের হয়।
তার অর্থ হচ্ছে কম্পিউটারকে বলে দেওয়া আছে যে তুমি যখনই মাউসের বাম বাটনে ক্লিক করবে সাথে সাথে একটা গুলি বের হবে।
এই যে বলে দেয়া, এটা হচ্ছে কম্পিউটারের প্রতি নির্দেশনা বা Instruction ।
আর এই নির্দেশনা বা Instruction দেয়া হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম হল কম্পিউটারের প্রতি কিছু নির্দেশনা যে তাকে কখন কি করতে হবে।
আবার যেমন ধরো তুমি মাউসটা একটু ডানে ঘোরালে তোমার নায়ক ডানে ঘুরে যায়, তুমি কীবোর্ড থেকে W চাপলে দৌড়াতে শুরু করে, এগুলো সব ইন্সট্রাকশনই কম্পিউটারকে বলে দেয়া আছে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে।
আবার ধরো তুমি একটা ভিডিও দেখছো। কীবোর্ড থেকে Space Bar চাপলে ভিডিওটা Pause হয়ে যায়, Enter চাপলে ফুলস্ক্রীন হয়ে যায়, এগুলো সমস্ত ইন্সট্রাকশনই কম্পিউটারকে বলে দেয়া আছে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। কম্পিউটারকে প্রোগ্রামের মাধ্যমে বলে দেয়া আছে যে যখন Space Bar চাপলে সে ভিডিও বন্ধ করবে।
আর এটা শুধু কম্পিউটারের ক্ষেত্রে না, তোমার হাতের মোবাইলের ক্ষেত্রেও। মোবাইলকেও প্রোগ্রামের মাধ্যমে বলে দেয়া আছে যে একটা বার্ড কে টেনে ছেড়ে দিলে সেটা উড়ে গিয়ে সামনে থাকা বরফের খন্ডটা ভেঙ্গে পড়বে, তুমি কিছু লিখে Send এ চাপ দিলে তোমার লেখাটা অপর পাশের জনের কাছে চলে যাবে এগুলো সব ইন্সট্রাকশনও প্রোগ্রামের মাধ্যমে বলে দিতে হয়।
চলো আমরা একটা প্রোগ্রাম দেখি:
publc class NotunDerJonnoJava {
public static void main(String args[])) {
int number = 12;
int squareVaIue = number * number ;
System.out.println("The square value: " + squareVaIue);
}
}
এটা খুব ছোট একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটি তোমাকে কোন একটি সংখ্যার Square ভ্যালু বের করে দেবে। নির্দেশনার উপর ভিত্তি করে এরকম প্রোগ্রাম এক লাইন, দশ লাইন থেকে শুরু করে হাজার বা লাখ লাইনেরও হতে পারে। নির্ভর করবে কতটুকু কাজ কম্পিউটারকে দিয়ে করাতে চাও তুমি। যত বেশি কাজ করাতে চাইবে তত বেশি লাইনের কোড লিখতে হবে।