প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (Programming Language)

তোমার বন্ধু তোমাকে বললো “আমি যখন বলবো ‘বাম’, তখন তুমি বামে ঘুরবে।”
তোমার বন্ধুটি তোমাকে একটি নির্দেশনা দিল। কিন্তু কোন ভাষায় দিল? বাংলাতে না? কারণ তুমি বাংলা জানো বলেই তোমাকে বাংলায় ইন্সট্রাকশন দেওয়া হলে তুমি বুঝতে পারো। এবং সেটা পালন করতে পারো। কিন্তু তুমি যদি জাপানি ভাষা না জানো আর তোমাকে যদি জাপানি ভাষায় কোন ইন্সট্রাকশন দেয়া হয় তুমি কি বুঝবে? তুমি সেটা বুঝতেও পারবে না সেটা পালনও করতে পারবে না।
কম্পিউটারের ক্ষেত্রেও তেমনি তুমি যদি তাকে ইন্সট্রাকশন দাও তাহলে তাকে তার ভাষাতেই তোমাকে ইন্সট্রাকশন দিতে হবে। এর অর্থ হচ্ছে তুমি যখন তার জন্য একটি ইন্সট্রাকশন তৈরী করবে বা প্রোগ্রাম লিখবে তখন কম্পিউটার যেভাবে বোঝে ঠিক সেইভাবেই তোমাকে প্রোগ্রাম লিখতে হবে।
যেমন ধরো তুমি চাইলে কম্পিউটারকে দিয়ে ৭৮ আর ৯৩ যোগ করিয়ে নেবে এবং তার জন্য একটি একটি প্রোগ্রাম লিখলে এরকম “৭৮ আর ৯৩ যোগ করে দেখাও”। কম্পিউটার মোটেও তোমার এই নির্দেশনা পালন করতে পারবে না। এরকম একটি যোগের প্রোগ্রাম লিখতে গেলে তোমাকে লিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রাম লেখার ভাষা, এই ভাষায় প্রোগ্রাম লিখে কম্পিউটারকে নির্দেশনা দিলে কম্পিউটার বুঝতে পারে এবং পালন করতে পারে। অন্য কোন ভাবে তাকে নির্দেশনা দিলে সে বুঝতেও পারে না, পালনও করতে পারে না।
কিন্তু কম্পিউটার আবার অনেকগুলো ভাষা বুঝতে পারে। মানে কম্পিউটার প্রোগ্রাম লেখারও অনেকগুলো ভাষা রয়েছে। যেমন: C, C++, C#, Java, PHP, JavaScript, Python, Ruby etc. এই সবগুলোই মূলত একেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তুমি যদি এসবের যে কোন একটি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখো তাহলে কম্পিউটার সেটা বুঝতে পারবে এবং পালন করতে পারবে।
এবং আরেকটা ব্যাপার হচ্ছে উপরের প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজেই প্রোগ্রাম লেখার নিয়ম কিন্তু আলাদা। তুমি যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখবে সেটার নিয়ম মেনেই তোমাকে প্রোগ্রাম লিখতে হবে। যেমন তুমি বাংলায় বলো “আমি ভাত খাই”। আর ইংরেজীতে বলো “I eat rice.”